প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৪:৪০:২২

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে ছাত্রদল নেতার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও নিরীহ মানুষের বসতবাড়িতে সশস্ত্র হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে একদল চিহ্নিত দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বেলগাছা ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ আল-আমিন রানা-র মালিকানাধীন একটি চাতালের গোডাউন এবং এর পাশের আব্দুল খালেক-এর বসতবাড়িসহ মোট দুইটি বাড়িতে ভাঙচুর ও তাণ্ডব চালায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ১০–১২ জনের একটি সশস্ত্র দল এই হামলায় অংশ নেয়। হামলার সময় এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়ে।
একজন রাজনৈতিক কর্মীর ব্যবসায়িক প্রতিষ্ঠান ও নিরীহ মানুষের বাড়িতে এ ধরনের বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয়রা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।
এ ঘটনায় সংশ্লিষ্টদের পক্ষ থেকে প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়েছে—সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হোক।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর স্থানীয় নেতাকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।












