আইন-শৃঙ্খলা

ধর্ষকদের আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী

  প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:৩৮:২৩

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

​নরসিংদীতে ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় বা প্রশ্রয় দিলে তাদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অপরাধী ও তাদের সহায়তাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

​শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

​আইনমন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জনস্বার্থে যেসকল অধ্যাদেশ জারি করা হয়েছিল, তার সবকটিই স্থায়ী আইনে রূপান্তর করা হবে। তিনি বলেন, “সাংবিধানিকভাবে যতগুলো অধ্যাদেশ হয়েছে, তার প্রত্যেকটিই আমরা বিল আকারে সংসদে পেশ করবো। আসন্ন সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই এই ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করা হবে।”

​দেশের বিচার ব্যবস্থায় মামলার জটকে একটি প্রকট সমস্যা হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই সংকট নিরসনে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে তিনি বলেন, “বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, তবে কেউ যদি এই স্বাধীনতার অপব্যবহার করেন, তবে বিষয়টি দেখার দায়িত্ব সুপ্রিম কোর্টের।”

​আইনমন্ত্রী আরও বলেন, মাদক, সন্ত্রাস, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও হানাহানি দমনে প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি মন্তব্য করেন, “গুটিকয়েক দুষ্কৃতিকারীর কারণে সরকারের অর্জিত সাফল্য বা ভালো কাজের ভাবমূর্তি কোনোভাবেই ক্ষুণ্ণ হতে দেওয়া যাবে না।”

​এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, রাশেদ খানসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


শেয়ার করুন