প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:১৮:১৫

সংবাদ :
প্রধানমন্ত্রীর দেওয়া “সমাজে মাদক থাকবে না” —এই নির্দেশনার বাস্তবায়নে সারাদেশে ধারাবাহিক ও কঠোর অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় আইজিপি স্পষ্ট করে বলেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ অপরাধে জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যে পরিচয়েরই হোক, আইনের আওতায় আসতেই হবে।
পরিদর্শনকালে তিনি আরও জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের ইউনিফর্মকে আরও আধুনিক ও দৃশ্যমান (ভিজিবল) করা হবে, যাতে জনগণ সহজেই পুলিশকে শনাক্ত করতে পারে এবং আস্থার জায়গা তৈরি হয়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় জেনেভা ক্যাম্প এলাকায় পরিচালিত অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েকজনকে আটক করে এবং বিপুল পরিমাণ মাদক জব্দ করে। অভিযানে ডিএমপি সোয়াট ও প্রশিক্ষিত ডগ স্কোয়াডসহ দুই শতাধিক সদস্য অংশ নেন। ঘনবসতিপূর্ণ ক্যাম্প এলাকায় কয়েকটি দলে ভাগ হয়ে চিরুনি অভিযান চালানো হয়।
নবনিযুক্ত আইজিপি জানান, মোহাম্মদপুরের অপরাধপ্রবণ এলাকাগুলোতে ঈদের আগ পর্যন্ত এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক ও অপরাধ নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

















