প্রতিনিধি ১২ মার্চ ২০২৬ , ৩:২০:০৮

স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় শুরু হচ্ছে। শুরুতে সংসদের সভাপতির পদ শূন্য রেখেই অধিবেশন পরিচালিত হবে।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সভাপতির নাম প্রস্তাব করা হলে তা চূড়ান্ত করা হবে। পরে সেই সভাপতির সভাপতিত্বেই সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। সংসদের বিধি অনুযায়ী নির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
অধিবেশনের শুরুতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিগত আন্দোলন-সংগ্রামে নিহতদের স্মরণে শোক প্রস্তাব আনা হবে। এরপর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করবেন।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদে ভাষণ দেবেন এবং সেই ভাষণের মধ্য দিয়েই দিনের অধিবেশন সমাপ্ত হবে। আজকের অধিবেশনের পর আগামী ১৫ মার্চ আবার সংসদ বসার কথা রয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি।
সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসা বাধ্যতামূলক। প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রচলিত প্রথা রয়েছে।
সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছিল বিএনপি।
যদিও আপাতত সেই প্রস্তাব নাকচ করেছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা শেষে ডেপুটি স্পিকারের বিষয়ে তারা সিদ্ধান্ত জানাবে।

















