জাতীয়

কড়াইল বস্তি থেকেই শুরু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি, ১০ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  প্রতিনিধি ৩ মার্চ ২০২৬ , ৬:২৪:২৩

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি-
আগামী ১০ মার্চ রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।

তিনি জানান, ফ্যামিলি কার্ড বিতরণের প্রস্তুতি হিসেবে গত ২৩ ফেব্রুয়ারি থেকে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও কম্পিউটার ডাটা এন্ট্রির কাজ শুরু হয়েছে। মূলত প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা বগুড়া থেকে এই কর্মসূচি উদ্বোধনের পরিকল্পনা থাকলেও, সেখানে উপনির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় ভেন্যু পরিবর্তন করা হয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা এড়াতেই রাজধানীর কড়াইল বস্তিকে বেছে নেওয়া হয়েছে।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, কড়াইল বস্তিতে বর্তমানে প্রায় ৪৪ হাজার পরিবার বসবাস করে। এসব পরিবারের কাছ থেকে সংগৃহীত তথ্য একটি স্মার্ট কার্ডে সংযুক্ত করা হবে, যেখানে পরিবারের সার্বিক তথ্য সংরক্ষিত থাকবে। তথ্য যাচাই ও এন্ট্রি শেষে কার্ড প্রিন্ট করে বিতরণ করা হবে। তিনি আরও জানান, প্রাথমিক পরিকল্পনার তুলনায় এখানে প্রায় ছয় গুণ বেশি কার্ড প্রয়োজন হচ্ছে।

ফ্যামিলি কার্ডের উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, এটি মূলত হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের জন্য প্রণীত। এই কার্ডের মাধ্যমে নারীরা আর্থিকভাবে ক্ষমতায়িত হবেন এবং মা তাঁর সন্তানদের শিক্ষা ও পুষ্টির পেছনে সরাসরি অর্থ ব্যয় করতে পারবেন। এটি একটি চলমান ও গতিশীল প্রক্রিয়া—সময় ও আর্থিক অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে উপকারভোগীর তালিকাও হালনাগাদ হবে।

মন্ত্রী আরও বলেন, মানুষের আর্থিক সচ্ছলতা বাড়লে ফ্যামিলি কার্ডের ওপর নির্ভরশীলতার প্রয়োজন কমে আসবে। ফলে ধাপে ধাপে সুবিধাভোগীর সংখ্যাও হ্রাস পাবে।

উল্লেখ্য, ফ্যামিলি কার্ড কর্মসূচিটি বিএনপি-র নির্বাচনী অঙ্গীকার ও অগ্রাধিকার প্রকল্পগুলোর একটি, যার বাস্তবায়ন কার্যক্রম এবার মাঠপর্যায়ে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content