সংবাদ:
গাজীপুর সিটি করপোরেশনের ৫৬নং ওয়ার্ডের বিভিন্ন অলিগলির রাস্তার মোড়ে ময়লার স্তূপ জমে থাকলেও দেখভাল করার যেন কেউ নেই। বাসা-বাড়ি থেকে প্রতিদিন ময়লা সংগ্রহ করা হলেও কিছু অসচেতন ব্যক্তি ময়লার বিল না দিয়ে রাস্তার পাশে ময়লা ফেলে রাখছেন। এতে করে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, আমজাদ আলী গার্লস স্কুল এন্ড কলেজ রোডের পিছনে জামির হোসেনের বাড়ির সামনে, দেওয়ান ভিলার সামনে, সিকদার মাস্টার বাড়ির সামনে, শহিদ ভিলা, ডায়মন্ড টাওয়ার,মেহের নিগার স্কুল রোডসহ শেরেবাংলা রোড এলাকায় রাস্তার মোড়ে ময়লার ভাগাড় তৈরি হয়েছে। এসব স্থানে নিয়মিত ময়লা ফেলা হচ্ছে, যা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি করছে।
স্থানীয়দের অভিযোগ, টিনশেড ও ফ্ল্যাট বাসা থেকে প্রতিটি রুমের জন্য ৭০ থেকে ১৫০ টাকা পর্যন্ত ময়লা অপসারণ বাবদ নেওয়া হয়। তবে কিছু ব্যক্তি এই সামান্য টাকা দিতেও অনীহা দেখিয়ে রাস্তার পাশে ময়লা ফেলে দেন, যার ফলে পুরো এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।
স্থানীয় বাসিন্দা জলিল বলেন, “বাড়িওয়ালারা যদি সচেতন হন এবং সিটি করপোরেশন নিয়মিতভাবে ময়লা সংগ্রহ করে, তাহলে এমন পরিস্থিতি তৈরি হওয়ার কথা নয়। বাড়ির মালিকরা যদি তাদের ভাড়াটিয়াদের উপর চাপ প্রয়োগ করেন, তাহলে এ সমস্যা অনেকটাই কমে যাবে। আমরা এমন নোংরা নগর দেখতে চাই না।”
এ বিষয়ে এলাকাবাসী গাজীপুর মহানগরের সম্মানিত প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ