প্রতিনিধি ২০ মার্চ ২০২৬ , ৬:৩৫:০৬

আজ চাঁদ রাত, আগামীকাল খুশির ঈদ—স্বভাবতই চারদিকে আনন্দের আবহ। ঘরে ঘরে প্রস্তুতি, বাইরে আতশবাজির শব্দ, উল্লাসে ভরে উঠছে চারপাশ। কিন্তু এই আনন্দের মাঝেও কি আমরা একবার ভেবে দেখেছি—আমাদের রমজান কতটুকু সফল হলো?
আমরা কি সত্যিই আমাদের পাপগুলো থেকে মুক্ত হতে পেরেছি?
নাকি রোজা শুধু ক্ষুধা-তৃষ্ণার মধ্যেই সীমাবদ্ধ ছিল?
রাসূল ﷺ বলেছেন:
“যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ ত্যাগ করতে পারে না, তার পানাহার ত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহর কাছে নেই।”
—(সহীহ বুখারী)
আজকের এই চাঁদ রাতে, যেখানে খুশির আমেজ থাকার কথা, সেখানে থেমে থেমে আতশবাজির শব্দ আমাদের মনে করিয়ে দেয়—আমরা কি সত্যিই ইসলামের বিধানগুলো মেনে চলছি? অপ্রয়োজনীয় অপচয় ও শব্দদূষণ, যা ইসলামে নিরুৎসাহিত—সেগুলো থেকে আমরা কতটুকু দূরে থাকতে পেরেছি?
ঈদের আনন্দে আমরা মেতে উঠবো, এটা স্বাভাবিক। কিন্তু কখনও কি আমরা ভাবি—
এই মুহূর্তে কবরবাসীরা কী অবস্থায় আছে?
রাসূল ﷺ বলেছেন:
“কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এখানে সফল হয়, তবে পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হবে।”
—(তিরমিযী)
যারা দুনিয়ায় পাপ করে গেছে, তাদের জন্য হয়তো আবার শুরু হচ্ছে আযাবের কঠিন সময়। আর আমরা?
আমরা কি প্রস্তুত সেই দিনের জন্য?
একদিন আমাকেও, আপনাকেও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে।
তখন হয়তো আমরাও চাইবো—আরেকটা রমজান পেতে, আরেকটা সুযোগ পেতে, পাপ থেকে বাঁচার জন্য।
কিন্তু সেই সুযোগ কি আমরা পাবো?
তাই আসুন, ঈদের এই আনন্দের মাঝেও একটু থেমে নিজের দিকে তাকাই।
নিজেকে প্রশ্ন করি—এই রমজান আমাকে কতটা বদলাতে পেরেছে?
🌿 ঈদ হোক শুধু আনন্দের নয়, আত্মশুদ্ধির প্রতিজ্ঞারও।











