প্রতিনিধি ১১ মার্চ ২০২৬ , ৬:৩৬:২৫

সংবাদ:
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক চলছে।
বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে বৈঠকটি শুরু হয়। আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ বৈঠকে আলোচনা করা হচ্ছে।
বৈঠকে প্রথম অধিবেশনের সভাপতি নির্বাচন, স্পিকার ও ডেপুটি স্পিকার পদে মনোনয়নসহ সংসদ পরিচালনা সংক্রান্ত নানা বিষয় নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন সংসদ নেতা। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও আসতে পারে বলে জানা গেছে।
সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরাই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে থাকেন। তবে এবারের সংসদে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি।
জামায়াতে ইসলামী এই প্রস্তাব গ্রহণ করবে কি না, তা এখনো নিশ্চিত হয়নি। এ বিষয়ে আজ বিরোধী দলের বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।











