প্রতিনিধি ২৩ মার্চ ২০২৬ , ৭:৪৬:২৬

গাজীপুর মহানগরের ৫৭ নম্বর ওয়ার্ডে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। গত বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও পুরো ওয়ার্ডজুড়ে নৈশপ্রহরীর মাধ্যমে রাতব্যাপী পাহারার ব্যবস্থা করেছেন ৫৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী বি. এম. শামিম।
জানা যায়, ঈদের ছুটিতে অনেক পরিবার গ্রামের বাড়িতে চলে যাওয়ায় বাসাবাড়ি ফাঁকা থাকে। এই সুযোগে চুরি-ডাকাতির ঝুঁকি বেড়ে যায়। বিষয়টি বিবেচনায় নিয়েই স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নির্দিষ্ট সংখ্যক নৈশপ্রহরী মোতায়েন করা হয়েছে, যারা পালাক্রমে রাতভর টহল দেবেন।
উদ্যোগটির বিষয়ে বি. এম. শামিম বলেন, “ঈদ সবার জন্য আনন্দের, কিন্তু এই সময়টাতে নিরাপত্তার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ যেন নিশ্চিন্তে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সে লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।” তিনি আরও জানান, গত বছর এই কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছিল এবং কোনো ধরনের বড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনেকেই বলছেন, এমন ব্যবস্থা থাকায় তারা বাড়ি ফাঁকা রেখে গ্রামে গেলেও কিছুটা হলেও নিশ্চিন্ত থাকতে পারছেন। পাশাপাশি এলাকাবাসীর সঙ্গে সমন্বয় রেখে সন্দেহজনক কোনো কিছু দেখলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে নৈশপ্রহরীদের।
এছাড়া স্থানীয়ভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গেও সমন্বয়ের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। জরুরি প্রয়োজনে দ্রুত যোগাযোগের জন্য নির্দিষ্ট নম্বরও রাখা হয়েছে।
সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এমন উদ্যোগ প্রশংসনীয় বলেই মনে করছেন সচেতন মহল। তাদের মতে, রাজনৈতিক পরিচয়ের বাইরে এসে এ ধরনের জনকল্যাণমূলক কাজই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

















