প্রতিনিধি ১১ মার্চ ২০২৬ , ৫:৫৩:৩১

সংবাদ:
চুয়াডাঙ্গায় আ.লীগ নেতাকে মুক্ত করলো বিএনপি নেতা, মুক্ত হয়ে সেই বিএনপি নেতার স্ত্রীকে ধর্ষণ চেষ্টা করলো ঐ আ.লীগ নেতা!
চুয়াডাঙ্গার জীবননগরে এক বিএনপি নেতার স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বর্তমানে আহত গৃহবধূ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে শনিবার (৭ মার্চ) সকালে জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের দোয়াপাড়া গ্রামে। ভুক্তভোগীর স্বামী রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কবির হোসেন। অভিযুক্ত রাসেল হোসেন (২২) একই গ্রামের জাহিদুল ইসলাম ওরফে জেহের আলীর ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন।
অভিযোগে বলা হয়, শনিবার সকাল ৯টার দিকে কবির হোসেনের স্ত্রী বাড়ির পাশের জমির আইলে রাজহাঁসের বাচ্চাদের ঘাস খাওয়াচ্ছিলেন। এ সময় রাসেল হোসেন পেছন থেকে তাকে জাপটে ধরে পাশের একটি ড্রাগন বাগানে নিয়ে গিয়ে শ্লীলতাহানির মাধ্যমে ধর্ষণের চেষ্টা চালায়। ভুক্তভোগী প্রতিরোধ করলে ধস্তাধস্তির এক পর্যায়ে রাসেল তার কাছে থাকা ধারালো ‘দা’ দিয়ে এলোপাতাড়ি কোপ দেয়। এতে তার দুই হাত গুরুতরভাবে জখম হয়।
এ সময় ভুক্তভোগীর মেয়ে ও শ্যালিকা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে স্বজনরা আহত গৃহবধূকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগীর স্বামী কবির হোসেন জানান, কয়েকদিন আগে এক প্রভাবশালী নেতার নেতৃত্বে তার ওপর হামলা হয়েছিল। সেই ঘটনার জের ধরেই এবার তার স্ত্রীকে টার্গেট করা হয়েছে বলে তিনি দাবি করেন। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ বলেন, শনিবার রাতে এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











