প্রতিনিধি ৭ মার্চ ২০২৬ , ৬:০০:৪৯

সংবাদ:
রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের বাড়তি চাহিদার কারণে অনেক স্থানে পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না। এতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরছেন অনেক যানবাহন চালক।
শনিবার (৭ মার্চ) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পাম্পে গাড়ি ও মোটরসাইকেলের উপচে পড়া ভিড় দেখা যায়। সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ সময় অপেক্ষার পরও সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী অনেক পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। ফলে অনেক চালককে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে।
তেল না পাওয়াকে কেন্দ্র করে কিছু কিছু স্থানে ক্রেতা ও পাম্প কর্তৃপক্ষের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। এ পরিস্থিতিতে গ্রাহকরা পেট্রোল পাম্পগুলোতে সরকারের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
অন্যদিকে পাম্প মালিকরা বলছেন, স্বাভাবিক সময়ের তুলনায় চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় সরবরাহে চাপ তৈরি হয়েছে। তাদের দাবি, যে পরিমাণ তেল আসার কথা ছিল, বর্তমানে তা পর্যাপ্ত পরিমাণে পৌঁছাচ্ছে না।
এদিকে শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলা শহরেও পেট্রোল পাম্প ও ডিপোগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। অনেক জায়গায় যানবাহনভিত্তিক কোটা মেনেই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।
ক্রেতাদের একাংশের ধারণা, ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করতে পারে— এমন আশঙ্কা থেকেই অনেকে আগেভাগে প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহের চেষ্টা করছেন। তবে কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাম্প বন্ধ রাখার ঘটনাও ঘটেছে।
সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত চাহিদার কারণে সাময়িক চাপ তৈরি হলেও এখন পর্যন্ত দেশে জ্বালানি তেলের বড় ধরনের কোনো সংকট নেই।

















