প্রতিনিধি ১ মার্চ ২০২৬ , ১০:৫১:৩৩

সংবাদ:
চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যানসারে আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসায় পুনরায় সহায়তা প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গুলশানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের হাতে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয়। এ সহায়তা প্রদান করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।
এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক এ. কে. এম. মনজুরুল ইসলাম, দ্য ডেইলি সানের ডেপুটি এডিটর মোহাম্মদ আল আমিন, দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র প্রতিবেদক এনামুল হক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ।
উল্লেখ্য, শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসান কোলন ক্যানসারের তৃতীয় পর্যায়ে আক্রান্ত। তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। এর আগেও জিসানের কেমোথেরাপি, রেডিওথেরাপিসহ যাবতীয় চিকিৎসা ব্যয় ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে বহন করা হয়েছে।
সম্প্রতি জিসানের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নতুন করে পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ প্রদান করা হয়। সেই চিকিৎসার আর্থিক সহায়তাও আবারও দিয়েছেন তারেক রহমান।
এদিকে শহীদ জাহিদের মা সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ানোর জন্য তারেক রহমান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আব্দুল্লাহ বিন জাহিদ। বড় ছেলেকে হারানোর মাত্র ১৪ দিনের মাথায় তার মা জানতে পারেন, ১৪ বছর বয়সী ছোট ছেলে জিসান ক্যানসারে আক্রান্ত—যা পরিবারটির জন্য আরও এক গভীর শোক ও কঠিন বাস্তবতা হয়ে দাঁড়ায়।

















