প্রতিনিধি ১৫ মার্চ ২০২৬ , ৭:২৪:৫৬

রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে নারীদের শিক্ষা ও অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশন–এর ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, নারীদের শিক্ষাকে অবৈতনিক করার বিষয়ে সরকার শিগগিরই পদক্ষেপ গ্রহণ করবে।
রোববার (১৫ মার্চ) রাজধানীর মুক্তিযুদ্ধ যাদুঘর–এ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, একটি জাতির উন্নয়ন অনেকাংশেই নির্ভর করে সেই দেশের নারীদের অগ্রগতির ওপর। নারীরা যত এগিয়ে যাবে, দেশও তত উন্নতির পথে এগিয়ে যাবে। তিনি জানান, বর্তমান সরকার কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও তাদের শিক্ষার সুযোগ বিস্তারে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্য থেকেই নারীদের শিক্ষা অবৈতনিক করার উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বাংলাদেশে নারী উন্নয়নের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার সময়েই প্রথম নারী বিষয়ক অধিদফতর প্রতিষ্ঠা করা হয় এবং আনসার-ভিডিপিতে নারীদের অন্তর্ভুক্তির সুযোগ সৃষ্টি করা হয়। এছাড়া নারীদের জন্য ২০ শতাংশ কোটা চালু করা হয়েছিল, যার ইতিবাচক প্রভাব আজ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দৃশ্যমান।
তিনি আরও বলেন, অধিকার সবার জন্য সমান হলেও অনেক সময় গণতন্ত্রের আড়ালেও স্বৈরাচারী আচরণ দেখা যায়, যা অতীত সরকারের সময়ে দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। একটি সভ্য ও মানবিক সমাজ গড়তে এমন বাংলাদেশ গড়ে তোলা প্রয়োজন, যেখানে নারী অধিকার নিয়ে আলাদা করে কথা বলার প্রয়োজনই হবে না।











