প্রতিনিধি ২ এপ্রিল ২০২৬ , ১১:১৫:৪৯

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা বা তার পক্ষে কোনো প্রতিষ্ঠান থেকে প্রসিকিউশন এখনো কোনো চিঠি পায়নি। বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
তিনি আরও বলেন, কোনো আসামি বিচার চলাকালীন পলাতক থাকলে তার পক্ষে আইনজীবী নিয়োগের সুযোগ থাকে না। এ অবস্থায় আদালতে চিঠি পাঠানো আদালত অবমাননার শামিল বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে, লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান কিংসলি ন্যাপলি এলএলপি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন দাবি করে তা বাতিলের আবেদন জানিয়ে ট্রাইব্যুনালে ই-মেইল পাঠিয়েছে—এমন খবর ছড়িয়ে পড়ে। তবে প্রসিকিউশন স্পষ্ট করেছে, তারা এ ধরনের কোনো চিঠি পায়নি।
এদিকে, জুলাই আন্দোলনে ১৩ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। একই দিনে, জুলাইয়ের আরেক হত্যাকাণ্ডের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে পুনঃতদন্ত চেয়ে তার আইনজীবীরা আবেদন করেছেন।











