সারাদেশ

​রাজারহাটে সাংবাদিকের উপর হামলা ও ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধঃআসামী গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

  প্রতিনিধি ১ এপ্রিল ২০২৬ , ১১:৫০:০০

শেয়ার করুন

আসাদুর রহমান,রাজারহাট উপজেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাটে দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি ও রাজারহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ (আরিফুল ইসলাম)-এর ওপর বর্বরোচিত হামলা, ছিনতাই ও চাঁদা দাবির ঘটনায় জড়িত মূল হোতা সোহেল আনিছসহ সকল আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজ বুধবার (০১ এপ্রিল) সকাল ১১টায় রাজারহাট প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে অপরাধীদের গ্রেফতারে প্রশাসনের প্রতি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

গত ২৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় সিন্দুরমতি মেলা থেকে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে উপজেলার ‘গ্রীন ক্যাফে’ সংলগ্ন রাস্তায় ওত পেতে থাকা সন্ত্রাসীরা সাংবাদিক খন্দকার আরিফের মোটরসাইকেলের গতি রোধ করে। হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে গাড়িতে আঘাত করে এবং তাকে এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং পকেটে থাকা নগদ ৯,০০০/- (নয় হাজার) টাকা ছিনিয়ে নেয়। এসময় আগামী ৩ দিনের মধ্যে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা চাঁদা দাবি করে তারা। হামলার সময় প্রধান অভিযুক্ত সোহেল আনিছ চিৎকার করে বলতে থাকে, “তোদের নিউজের কারণেই আমার বাবার পদ চলে গেছে”। উল্লেখ্য, সোহেল আনিছের বাবা আনিছুর রহমান রাজারহাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ছিলেন, যিনি শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কৃত হন। উক্ত বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় পূর্ব শত্রুতার জেরে এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে।

এই ঘটনায় সাংবাদিক খন্দকার আরিফ বাদী হয়ে রাজারহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানিয়েছেন, মামলার প্রধান আসামি সোহেল আনিছসহ জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। বর্তমানে আহত সাংবাদিক আরিফুল ইসলাম রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আজকের মানববন্ধনে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর এমন ন্যাক্কারজনক হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। অভিযুক্ত সোহেল আনিছ একজন চিহ্নিত বখাটে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে সে এলাকায় ত্রাস সৃষ্টি করছে।” বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে কুড়িগ্রাম জেলা জুড়ে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

রাজারহাট প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন রাজারহাট প্রেসক্লাবের সভাপতি সরকার অরুণ যদু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও ভুক্তভোগী সাংবাদিক খন্দকার আরিফ। এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ জনতা সংহতি প্রকাশ করে অংশ নেন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content