জাতীয়

সংসদে উত্তেজনা: দাবি আদায় না হওয়ায় বিরোধীদলের ওয়াকআউট

  প্রতিনিধি ১ এপ্রিল ২০২৬ , ১:৩৬:২৪

শেয়ার করুন

জাতীয় সংসদের অধিবেশন থেকে দাবি পূরণ না হওয়ায় ওয়াকআউট করেছে বিরোধীদল। বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান-এর নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে এ ঘটনা ঘটে। “জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫” নিয়ে যথাযথ প্রতিকার না পাওয়া এবং আইনমন্ত্রীর বক্তব্যে বিরোধীদলীয় নেতাকে ভুলভাবে উদ্ধৃত (মিসকোট) করার অভিযোগে তারা এ সিদ্ধান্ত নেয়।
ওয়াকআউটের আগে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বিরোধীদলীয় নেতা বলেন, বিষয়টি কোনো নির্দিষ্ট দলের নয়, বরং জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত।

নির্বাচনের আগে এ বিষয়ে সরকার ও বিরোধীদল একমত ছিল বলেও উল্লেখ করেন তিনি। কিন্তু প্রত্যাশিত প্রতিকার না পাওয়ায় জনগণের মতামতের যথাযথ প্রতিফলন হয়নি বলে অভিযোগ করেন। এ অবস্থাকে তারা মেনে নিতে না পারায় প্রতিবাদস্বরূপ ওয়াকআউটের ঘোষণা দেন।

 

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিরোধীদলকে ধৈর্য ধরার আহ্বান জানান। তিনি বলেন, পরবর্তীতে একটি মুলতবি প্রস্তাব আলোচনায় আসবে, যেখানে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে এবং সেখানে বিস্তারিত আলোচনা করার সুযোগ থাকবে। ওয়াকআউটের আগে বিষয়টি শোনার অনুরোধও জানান তিনি।

তবে বিরোধীদলীয় নেতা এ প্রস্তাবে সাড়া না দিয়ে বলেন, মূল নোটিশকে আড়াল করতেই নতুন নোটিশ আনা হয়েছে বলে তাদের ধারণা। এ কারণে উভয় বিষয়ের প্রতিবাদেই তারা সংসদ ত্যাগ করছেন।
পরবর্তীতে স্পিকার আবারও অপেক্ষার অনুরোধ জানালেও বিরোধীদল তাদের সিদ্ধান্তে অনড় থেকে অধিবেশন কক্ষ ত্যাগ করে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content