প্রতিনিধি ৭ মার্চ ২০২৬ , ৭:৪০:২৩

সংবাদ:
সংসদের প্রচলিত খারাপ রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি— এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নতুন সংসদ সদস্যদের দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের জন্যই বিএনপি তাদের মধ্যে আলোচনা ও প্রশিক্ষণের আয়োজন করেছে।
শনিবার (৭ মার্চ) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে বিএনপি দলীয় সংসদ সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনের সেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবারের সংসদে মোট ২৯৬ জন গেজেটেড সংসদ সদস্যের মধ্যে ২১৯ জনই প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বিএনপির কতজন নতুন সদস্য রয়েছেন, তা এখনো হিসাব করে দেখা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, নতুন সদস্যরা যাতে সংসদে গিয়ে যথাযথ ভূমিকা রাখতে পারেন, সে লক্ষ্যেই তাদের মধ্যে পার্লামেন্টারি রীতি-নীতি ও কার্যপ্রণালী নিয়ে আলোচনা চলছে। কর্মশালায় সংসদের রুলস অব প্রসিডিউর, পার্লামেন্টারি প্র্যাকটিস, কনফ্লিক্ট অব ইন্টারেস্ট, সংবিধান এবং সংসদের প্রচলিত কাস্টমস ও কনভেনশন নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ভবিষ্যতে সংসদের কার্যক্রম দেখে দেশের মানুষ অনেকটাই আশ্বস্ত হবে। কারণ জনগণ দীর্ঘদিন ধরে একটি কার্যকর ও দায়িত্বশীল সংসদ দেখতে চেয়েছিল।

















