প্রতিনিধি ১৪ মার্চ ২০২৬ , ৫:২৮:৪৪

নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনের অল্প সময়ের মধ্যেই সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ভোটের কালি নখ থেকে মোছার আগেই সরকার জনগণের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে কার্যক্রম শুরু করেছে।
শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য মাসিক সম্মানী ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে এবং আগামী পহেলা বৈশাখ থেকে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে। পাশাপাশি দেশের কৃষি ও সেচব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি শুরু হবে।
তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের জন্য নাগরিকদের শক্তিশালী হওয়া অপরিহার্য। তিনি বলেন, “আমরা চাই এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে, যেখানে কোনো ফ্যাসিবাদী শক্তি বা তাদের সহযোগীরা মানুষের স্বাধীনতা কিংবা মতপ্রকাশের অধিকার কেড়ে নিতে না পারে।”
তারেক রহমান আরও বলেন, কোনো দেশের নাগরিক যদি দুর্বল অবস্থায় থাকে, তবে সেই রাষ্ট্রও কখনো শক্তিশালী হতে পারে না। তাই জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলার মধ্য দিয়েই রাষ্ট্রকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার।
ধর্মীয় নেতৃবৃন্দের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র কোরআনে দুনিয়া ও আখেরাত—উভয় জগতের কল্যাণ কামনার নির্দেশনা রয়েছে। একইভাবে অন্যান্য ধর্মেও মানবকল্যাণের শিক্ষা দেওয়া হয়েছে। তাই ধর্মীয় নেতাদের উচিত তাদের জ্ঞান, অভিজ্ঞতা ও নৈতিক শিক্ষার মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখা।
তিনি বলেন, কেবল অর্থনৈতিক সমৃদ্ধিই মানুষের জীবনে পূর্ণতা এনে দেয় না। ধৈর্য, সততা, কৃতজ্ঞতা, শ্রদ্ধাবোধ, সহনশীলতা, সম্প্রীতি, উদারতা, বন্ধুত্ব, বিনয় ও মানবিকতা—এসব গুণ অর্জনের মাধ্যমেই একজন মানুষ প্রকৃত অর্থে মানবিক হয়ে ওঠে।
এদিকে ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বশীলরা। তবে ধর্মীয় বিধিনিষেধের কারণে সরকারি ভাতা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন খ্রিষ্টান সম্প্রদায়ের ক্যাথলিক ধারার যাজকরা।

















