প্রতিনিধি ২৪ মার্চ ২০২৬ , ১২:০৬:১৬

সংবাদটি :
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক জামিন পেয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।
আদালত সূত্রে জানা যায়, মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের পর ইনুকে আদালতে হাজির করা হয়। অপরদিকে, মেনন ও মানিককে হাজিরার জন্য আদালতে আনা হয়। শুনানি শেষে ইনুকে গ্রেপ্তার দেখানো হয় এবং তিন আসামির পক্ষ থেকে জামিন আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে, গত ২১ জানুয়ারি একই মামলায় মেনন ও মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্তের নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, বিভিন্ন সময় টকশো, সেমিনার ও জনসভায় অংশ নিয়ে আসামিরা জিয়াউর রহমান ও তার পরিবারকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য প্রদান করেছেন।

















