সারাদেশ

চুরির অভিযোগে ছাতকে উত্তেজনা: বিক্ষুব্ধ জনতার হামলায় বাড়িঘর ভাঙচুর, নারী-শিশু আহত

  প্রতিনিধি ২৬ মার্চ ২০২৬ , ৮:৪৭:২২

শেয়ার করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামে গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার দুপুরে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় নারী ও শিশুরাও হামলার শিকার হন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ কুর্শি গ্রামের কয়েকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চুরির অভিযোগ ছিল। এ নিয়ে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ওঠে এবং গ্রাম পঞ্চায়েত থেকে একাধিকবার সতর্ক করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি।

সম্প্রতি দোলারবাজার ইউনিয়নের উত্তর কুর্শি গ্রামে মো. দুলন মিয়ার বাড়িতে গরুসহ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এর জের ধরে বুধবার উত্তেজিত জনতা আব্দুল হকের ছেলে তারেক মিয়া ও আব্দুল খালিকের ছেলে আলী হোসেনের বাড়িতে হামলা চালায়। হামলার সময় বসতঘর ও আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং কিছু মালামাল লুট হওয়ার অভিযোগ ওঠে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, তারেক মিয়ার স্ত্রী সন্তানদের নিয়ে বাড়ি রক্ষার চেষ্টা করছেন। এ সময় জনতার ইট-পাটকেলের আঘাতে তিনি ও তার শিশু সন্তান আহত হন।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, অপরাধের বিচার আইনের মাধ্যমে হওয়া উচিত; কিন্তু কোনোভাবেই বাড়িঘরে হামলা বা নিরীহ পরিবারের ওপর আক্রমণ গ্রহণযোগ্য নয়।

দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম জানান, বিষয়টি জানার পর প্রশাসনকে অবহিত করা হয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content