প্রতিনিধি ২৬ মার্চ ২০২৬ , ১২:২৬:০৩

গাইবান্ধার পলাশবাড়ী থানায় এক ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুব জামায়াতের নেতা পলাশসহ ৯ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, পৌর এলাকার কালিবাড়ি বাজারে একটি সরকারি সেডের দোকান ঘরের মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ বিষয়ে লিখিত অভিযোগ দিতে বুধবার রাতে কয়েকজনসহ থানায় যান যুব জামায়াত নেতা মাহমুদুল ইসলাম পলাশ। সেখানে কর্তব্যরত কর্মকর্তাদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে পলাশ বাইরে থেকে আরও লোকজন ডেকে আনেন। পরে ৮-১০ জনের একটি দল থানায় ঢুকে ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের ওপর হামলা চালায়। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ার আলম খানসহ অন্তত ৮ জন পুলিশ সদস্য আহত হন। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কয়েকজনকে ভর্তি রাখা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার এবিএম রশীদুল বারী ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে জানান, পূর্ব বিরোধের জের ধরেই এই সংঘর্ষের সূত্রপাত। অভিযোগ অনুযায়ী, দোকানটি নিয়ে চাপ সৃষ্টি ও হুমকির জেরে বিরোধ তীব্র হয়ে ওঠে এবং তা সংঘর্ষে রূপ নেয়।
তবে যুব জামায়াত নেতাকর্মীরা হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, পুলিশই আগে তাদের ওপর হামলা চালিয়েছে এবং এতে তাদেরও কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে বাকিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।











